সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত কোস্ট গার্ড, চরাঞ্চলে মোতায়েন ৩৫৮৫ সদস্য

Chif Editor

অনলাইন ডেস্ক :-

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, অতীতের তিনটি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা কাটিয়ে উঠে এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। সরকারের পক্ষ থেকে অ্যাপস, ক্যামেরা ও ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্বাচন নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আয়োজিত একটি যৌথ নির্বাচনী মহড়া পরিদর্শন করেন তিনি।

মহাপরিচালক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোটকেন্দ্রে ২০০ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, উপকূলীয় ও চরাঞ্চলে কোস্ট গার্ডের উপস্থিতিতে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও নদীঘেরা দুর্গম এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে। নদীমাতৃক জেলা চাঁদপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় কোস্ট গার্ড একটি আস্থাভাজন বাহিনী হিসেবে পরিচিত।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিন ধরে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন মোতায়েন রয়েছে। এসব প্লাটুন নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ নদী পরিবেষ্টিত দুর্গম এলাকার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।

Leave a Reply