
অনলাইন ডেস্ক :- রাষ্ট্রীয় বার্তা সংস্থা রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করে, যাতে কাশ্মীরি জনগণ অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের ভবিষ্যৎ স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে।
তিনি বলেন, পাকিস্তানের সরকার ও জনগণ প্রতি বছর কাশ্মীর সংহতি দিবস পালন করে কাশ্মীরি জনগণের ন্যায্য ও বৈধ আত্মনিয়ন্ত্রণের অধিকারের সংগ্রামের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে।
শেহবাজ শরিফ বলেন, ‘আত্মনিয়ন্ত্রণের অধিকার আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। প্রতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদ এমন একটি প্রস্তাব গ্রহণ করে, যা জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের আইনগত অধিকারের ওপর জোর দেয়।’
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ ভারত-অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীর (আইআইওজেকে) বিশ্বের অন্যতম সবচেয়ে সামরিক দখলদারিত্বের অঞ্চলে পরিণত হয়েছে। কাশ্মীরিরা ভীতি ও আতঙ্কের পরিবেশে বসবাস করছে।’
জম্মু ও কাশ্মীর বিরোধ পাকিস্তানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে থাকবে—এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের প্রতি নৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অবিচল সমর্থন দিয়ে যাবে।
রেডিও পাকিস্তানের খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, এই দিনটি বিশ্ববাসীকে নিপীড়িত কাশ্মীরি জনগণের প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
সূত্র: ডন



