
অনলাইন ডেস্ক :- গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা বিশ্বাস রাখি ১২ তারিখ বিএনপির নেতৃত্বে মানুষের ম্যান্ডেট নিয়ে যুগপৎ জোট সরকার গঠন করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী জোনায়েদ সাকির এই বিশাল নির্বাচনী সমাবেশে অংশ নেন বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়নের মানুষ। উপস্থিত জনতার উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, যদি শাসনব্যবস্থা বদলাতে চান, আগামী ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে শহীদের রক্তস্নাত জুলাই জাতীয় সনদকে অনুমোদন করবেন।

সমাবেশে জোনায়েদ সাকি উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তোলার পরিকল্পনা জনতার সামনে তুলে ধরেন। মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা; শিশুদের যথাযথ বিকাশ, তরুণদের উপযুক্ত কর্মসংস্থান, মাদকের কবল থেকে মুক্তি; মেঘনা সেতু নির্মাণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এলপিজি গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, প্রবাসীদের অধিকার, বাঞ্ছারামপুরে বিনিয়োগের পরিবেশ ও পর্যটন সম্ভাবনা তৈরি; কৃষক-শ্রমিক, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা আদায়; প্রাণ-প্রকৃতি-পরিবেশের সুরক্ষা এবং নারীর নিরাপত্তা ও নিরাপদ বাঞ্ছারামপুরের অঙ্গীকার নিয়ে কথা বলেন তিনি।



