
অনলাইন ডেস্ক :- নির্বাচনের আগে-পরে মিলিয়ে ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি অ্যাকাউন্টে লেনদেনের সর্বোচ্চ সীমা এক হাজার টাকা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যক্তি থেকে ব্যক্তির (পি-টু-পি) ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা এবং লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি।
উল্লিখিত সময়ে সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ (ক্লোজ মনিটরিং)-এর আওতায় আনতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। এ সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি-এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে।



