
অনলাইন ডেস্ক :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, নির্বাচনের পরিবেশ বর্তমানে একপেশে হয়ে পড়েছে এবং প্রশাসন সরকারি দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেন।
অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। তিনি বলেন, বাউফলের ওসি চূড়ান্তভাবে একপেশে আচরণ করছেন। তিনি বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস রেইড করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, ঢাকা-১৫ আসনে (যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন) এবং পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙচুর হচ্ছে।
পাবনায় জেলা আমিরের ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, সেখানে নারী কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউএনওরা এসব দেখেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ এনে জামায়াত নেতারা বলেন, বাউফল, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে লক্ষাধিক বোরকা বানানো হচ্ছে, এমন প্রচারণাকে ‘কাল্পনিক নাটক’ হিসেবে অভিহিত করেন অ্যাডভোকেট জুবায়ের।তিনি বলেন, নারীদের মধ্যে সংশয় তৈরি করতে এবং তাদের নির্বাচনবিমুখ করতেই এমন উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। যেখানে অর্ধেক ভোটার নারী, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের বড় দায়িত্ব।
ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট বিতর্ক ও হ্যাকিং প্রসঙ্গ
সম্প্রতি ১১টি নারী সংগঠনের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নারীদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে।



