
অনলাইন ডেস্ক :- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে। পাশাপাশি নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে, যাতে করে কর্মসংস্থান বৃদ্ধি পায়। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-৪ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকার জুরাইন-দয়াগঞ্জ লিংক রোডে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এক সময় শ্যামপুর এলাকায় ৪২টি ডাইং ফ্যাক্টরি ছিল, যা এখন কমে ১৮টিতে নেমে এসেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার সাধারণ মানুষ। বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে এবং নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশি-বিদেশি বিনিয়োগ আনার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নির্বাচনের পর বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
আগামী নির্বাচনকে শুধু ভোটের নির্বাচন নয়, দেশ গঠনের নির্বাচন হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকারই কেবল জনগণের সমস্যার সমাধান করতে পারে। তাই বিভ্রান্ত না হয়ে বাস্তবসম্মত প্রতিশ্রুতিতে আস্থা রাখার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ঢাকা-৪ বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক তিনবারের এমপি সালাহউদ্দীন আহমেদসহ আলেম সমাজ ও বিএনপির নেতাকর্মীরা।


