
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুটি ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে একটি ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটারদের কেন্দ্রে আসা–যাওয়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান (রিটন) ও আইনাল গাজী আহত হন।
ঘটনার পর পুলিশ জামায়াত সমর্থক শহিদুল ও আশরাফ হোসেনকে আটক করে।
অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।



