সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট চলাকালে দু-একটি স্থানে ছোটখাট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দিনভর সিলেটে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি আশানুরূপ ছিল না, দাবি করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দুপুর ২টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ২২ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে। সরেজমিন কেন্দ্র পরিদর্শনকালে এমন চিত্র দেখা গেছে। দুপুর ২টা পর্যন্ত গড়ে ২৮ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে। পরবর্তীতে কিছু কেন্দ্রে ৩২ থেকে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে, জানিয়েছেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিকেল ৩টায় জানান, কেন্দ্রগুলোতে গড়ে ৩৫ শতাংশ ভোট পড়েছে। পরে বিকেল সাড়ে ৪টায় তিনি জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ কোনো অভিযোগ করেননি।

সকাল থেকে সিলেট শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ২/৩টি কেন্দ্র ছাড়া সবগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম। কয়েকটি কেন্দ্র ফাঁকা ছিল। তবে সদর উপজেলার টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের উপস্থিতি লক্ষণীয়। চা শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত মালনিছড়া রাগিব-রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতেও ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

নগরের ব্লুবার্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফাহিম মিয়া জানান, তার কেন্দ্রে মোট ২৫শ ২৬ ভোট রয়েছে এবং প্রায় সব ভোট কাস্ট হয়েছে। নগরের শিবগঞ্জ এলাকার নবীনচন্দ্র প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফায়েল আহমদ চৌধুরী দুপুর দেড়টায় জানান, এই কেন্দ্রে ৩২শ ৭০ ভোটের মধ্যে ৮৮৭টি ভোট পড়েছে।

এমসি কলেজের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুদ্দিন জানান, এই কেন্দ্রের ৩৫শ ৬২ ভোটের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ৯৫৯টি ভোট পড়েছে।  এই কেন্দ্রে ভোট দিয়েছেন অর্পিতা দেব দৃষ্টি। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো ছিল। কেন্দ্রে কোনো ভিড় ছিল না। সহজেই ভোট দিতে পেরেছি।

এদিকে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জে তিনজনকে আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন এবং রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ভোটের দিন বিভিন্ন আসনে প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সিলেটে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৬১০ জন এবং কেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৬টি। ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহ করে পর্যায়ক্রমে বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে।

Leave a Reply