মেহেরপুরে দুই উপজেলার পাঁচ কেন্দ্রে সংঘর্ষ, আহত ২৫, আটক ৫

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনের পাঁচটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর ১৬ জন ও বিএনপির দুই কর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এছাড়া অন্তত ১০ স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে জামায়াতের ১৫ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোটকেন্দ্রে জামায়াতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের চারজন আহত হন।
তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন কাথুলি ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদু খা। অপরদিকে মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত সমর্থক দুইজন আহত হন।

এ ঘটনায় একজন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। মুজিবনগর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অশা মিয়া নামের এক বিএনপি কর্মী আহত হন। এ সময় পুলিশ শহিদুল ও আশরাফ নামের জামায়াতের দুই কর্মীকে আটক করে।এছাড়া গাংনী উপজেলার হিজলবাড়িয়া, কুলবাড়িয়া, নওপাড়া, মটমুড়া, চাঁদপুর ও ভবানিপুরসহ বিভিন্ন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply