
অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হলেও শপথ এখনও বাকি। তবে এরই মধ্যে বৃহত্তর চট্টগ্রামসহ সারাদেশে নতুন সরকার ও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কে মন্ত্রী হচ্ছেন, কে পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়—দলীয় অঙ্গন থেকে শুরু করে সাধারণ রাজনৈতিক মহলেও চলছে নানা জল্পনা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দেরি হলেও আগামী ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি তারিখের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
নতুন মন্ত্রিসভা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া জানান, অতীতের ধারাবাহিকতায় এবারও বন্দরনগরী গুরুত্ব পাবে। তিনি আশা প্রকাশ করেন যে, দক্ষিণ চট্টগ্রামের উন্নয়ন শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়ন করা হবে। বিশেষ করে নতুন সেতুর সঙ্গে সংযুক্ত সড়কগুলোর মানসম্মত উন্নয়ন এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। অতীতে সালাহউদ্দিন আহমেদের উদ্যোগে নেওয়া চট্টগ্রাম-কক্সবাজার সড়ক উন্নয়নের পরিকল্পনাটি তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে চট্টগ্রামের মর্যাদা বিবেচনায় নিয়ে সরকার যোগ্য ও দক্ষ নেতাদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন। এর মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি বিশ্বাস করেন।


