এবারও ‘হ্যান্ডশেক’ করেননি ভারতীয় অধিনায়ক

Chif Editor

অনলাইন ডেস্ক :- টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে করমর্দন বিতর্কের ইতি টানার কোনো লক্ষণ দেখা গেল না। রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

গত বছর দুবাইয়ে এশিয়া কাপ থেকে যে অবস্থান শুরু হয়েছিল, সেটিই বজায় রাখল ভারতীয় দল। ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে কলম্বোতে উপস্থিত বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘নো হ্যান্ডশেক নীতি চলবে।

শুধু টস নয়, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যেও কোনো করমর্দন হবে না বলেও জানা গেছে। সূর্যকুমার যাদব এই অবস্থান নিয়েছেন পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি সম্মান এবং ‘অপারেশন সিন্দুর’-এর পর ভারতীয় সেনাবাহিনীর প্রতি সংহতি জানাতে।

ম্যাচের আগের দিনও বিষয়টি স্পষ্ট হয়ে যায়। সূর্যকুমার কিংবা সালমান; কেউই করমর্দনের বিষয়ে নিশ্চিত প্রতিশ্রুতি দেননি। পাকিস্তান অধিনায়ক অবশ্য বলেন, তিনি ক্রিকেটের চেতনা বজায় রাখতে চান।

এপ্রিলে পহেলগাম হামলার পর ভারতের ভেতরে আবেগ এখনও তীব্র। টুর্নামেন্ট-পূর্ব অধিনায়কদের সংবাদ সম্মেলনে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে সূর্যকুমারের করমর্দন নিয়ে সমালোচনা হয়েছিল দেশটিতে।

সেই প্রেক্ষাপটেই বর্তমান অবস্থান বজায় রেখেছে ভারতীয় দল।  মাঠের লড়াইয়ের পাশাপাশি করমর্দন ইস্যুও তাই নতুন করে আলোচনায় উঠে এলো।

Leave a Reply