জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদের বাসার পথে তারেক রহমান

Chif Editor

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের প্রাক্কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি জাতীয় নাগরিক পার্টির-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তারেক রহমান। তাকে ফুল দিয়ে অভিবাদন জানান শফিকুর রহমান।

সাক্ষাৎ শেষে রাত ৮টার দিকে ওই বাসা থেকে বেরিয়ে যান বিএনপির চেয়ারম্যান। তিনি এখন নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় যাচ্ছেন। সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

ছবি: জিএম মুজিবুর

বলা হচ্ছে, রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে এই সাক্ষাৎ করছেন তারেক রহমান।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এসব বিরোধ যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে ভিন্ন দল কিংবা ভিন্নমতের সবার সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২১২ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এ নির্বাচনে ৬৮ আসনে জয়ী হয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের দল এনসিপি পেয়েছে ছয়টি আসন।

Leave a Reply