রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়

Chif Editor

অনলাইন ডেস্ক :- দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত অফিস করছেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সশরীরে অফিস করে যাচ্ছেন। সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগে ২০১ নম্বর কক্ষে তার অফিস। সেই অফিসে বসছেন নিয়মিত।

তার পাশেই মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ। প্রথম দিন সেখানে মন্ত্রিসভার বৈঠকও করে ফেলেছেন। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকগুলোও করছেন সচিবালয়ে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরদিন ১৮ ফেব্রুয়ারি সারা দিন কর্ম ব্যস্ত দিন পার করের সচিবালয়ে। ওই দিন বেলা ১২টা ৩১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদিন একাধিক মিটিং করে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি সচিবালয় ছাড়েন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিন থেকেই আনুষ্ঠানিকভাবে সচিবালয়ের ২০১ নম্বর কক্ষে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনার নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ বিভাগের ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয় হিসেবে প্রস্তুত করা হয়েছে। কক্ষে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, ভিডিও কনফারেন্সিং সুবিধা এবং দাপ্তরিক নথি সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। প্রথম দিন সচিবালয়ে দুপুর বেলা ঢুকলেও তার আগে সকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বেলা ১২টার দিকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান।

দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান। সচিবালয়ে মধ্যাহ্নভোজ ও যোহরের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন বিষয় প্রধান্য দিয়ে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঠিক করার নির্দেশ দেন তারেক রহমান। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে আছর এবং মাগরিব নামাজ পড়েন তারেক রহমান। ওই দিন সচিবালয়েই জাতির উদ্দেশ্য দেওয়া তার ভাষণ রেকর্ড করা হয়। পরে সাড়ে সাতটার দিকে বের হন।

প্রধানমন্ত্রী দ্বিতীয় দিন সচিবালয়ে আসেন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। সকাল সাড়ে ৯টায় এনএসআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, ১০টায় ডিজিএফআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ করেন। সাড়ে ১১টায়  ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।  বেলা ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেন।

শুধু অফিস দিনে নয়, সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করবেন বলে জানান তারকে রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করেন। তৃতীয় দিন সকাল সকাল সচিবালয়ে ঢোকেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা জানান, সকাল ৯টা ৫ মিনিটে অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে তৃতীয় দিন ২০১ নম্বর কক্ষে সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্র মন্ত্রী ও সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ, ১১টায় সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষ ২১৬ নম্বর কক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা, সাড়ে ১২টায় ২০১ নম্বর কক্ষে স্থানীয় সরকার, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী এবং রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাতের সূচি ছিল। এরপর ২টায় প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

কর্মকর্তারা জানান, দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। বিশেষ করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ১৮০ দিনের কর্মসূচি তৈরির ওপর গিুরুত্ব দিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের পরপরই সচিবালয়ে সক্রিয় উপস্থিতি সরকারের কর্মতৎপরতার ইতিবাচক বার্তা বহন করে। আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, খুব শিগগিরই তিনি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করবেন এবং উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

Leave a Reply