গাজীপুরে ডিস ব্যবসা দখলের অভিযোগ, বিএনপি কার্যালয়ে হামলা

Chif Editor

অনলাইন ডেস্কঃ গাঁজীপুর মহানগরের গাছা এলাকায় ব্যবসায়িক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কার্যালয় এবং এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ও এলাকাবাসীর দাবি, এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে গাছা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে প্রায় ৭০-৮০ জন নেতাকর্মী গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ডিস (ইন্টারনেট) লাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পাশের বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয়ের দরজা, জানালা, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় কার্যালয়ে থাকা তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবিও ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী শাহীন মিয়া অভিযোগ করেন, হামলাকারীরা তার ব্যবসা দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এ সময় তার অফিসে থাকা নগদ প্রায় ৭ লাখ টাকা, একটি টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করা হয়।স্থানীয়দের দাবি, এলাকায় পোশাক কারখানার ঝুট ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শাহীন মিয়া বলেন, তিনি বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে তার ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু একটি পক্ষ জোরপূর্বক তার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চায় এবং সেই উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করে।

জিএমপির গাছা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’হামলা ও ভাঙচুরের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তাজনিত কারণে আশেপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply