শিরোনাম
এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দখল হওয়া সকল নদ-নদী ও খাল পুনরুদ্ধার করা হবে: ভূমি প্রতিমন্ত্রী দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হরিপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা সাইবার দলের কমিটি গঠন; সভাপতি মো. শাহীন চৌধুরী পাশা, সম্পাদক এম. জে সৌরভ আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ড: আমেনার সৎ বাবা আশরাফের বিরুদ্ধে পূর্বে ধর্ষণচেষ্টা ও গৃহবধূ হত্যা মামলার ভয়াবহ অতীত কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশি যুবককে আটক

দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Chif Editor

অনলাইন ডেস্ক:  জাতীয় সংসদে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্ক থাকলেও দেশের স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব।’ তিনি আরও বলেন, রাজনীতি স্থির নয়; সময়ের চাহিদা অনুযায়ী ইশতেহার, গঠনতন্ত্র ও কর্মসূচি পরিবর্তন করতে হয়। এনসিপি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এনসিপি একটি তারুণ্যনির্ভর ও প্রগতিশীল রাজনৈতিক দল। জনগণ তাদের গ্রহণ করেছে এবং ভবিষ্যতে সংসদে আরও বেশি প্রতিনিধিত্ব পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিপির জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ৪৮টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে যে ঐকমত্য হয়েছে, তা জাতীয় সংসদে বাস্তবায়ন করতে হবে। গণভোটে অনুমোদিত প্রতিটি প্রতিশ্রুতি সংবিধানে প্রতিফলিত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের এ নেতা আরও বলেন, তরুণদের শক্তিকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে।

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল—‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। সূচনা বক্তব্য দেন শহীদ আহনাফের বোন অ্যাডভোকেট সাইয়েদা আক্তার। সঞ্চালনা করেন যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত ও দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

সমাপনী বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত, ইনসাফভিত্তিক ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়াই এনসিপির লক্ষ্য। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, সেই বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। তিনি জানান, জাতীয় সংসদে সংস্কার বাস্তবায়ন ও গণরায়ের প্রতিফলন নিশ্চিত করতে দল সক্রিয় থাকবে।

অনুষ্ঠানে গত এক বছরে এনসিপির রাজনৈতিক কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সানাউল্লাহ খান। দেশ ও জাতির কল্যাণ, রমজানের রোজা কবুল এবং সব প্রকার আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে দেশকে হেফাজতের জন্য দোয়া করা হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন, আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) ১১ দলীয় জোটের নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে ইনসাফভিত্তিক ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতারা। বক্তারা বলেন, নব্য প্রতিষ্ঠিত দল হিসেবে এনসিপির উত্থান, সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ ও ছয়টি আসনে জয় তাদের রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েই শেষ হয় অনুষ্ঠান।

 

Leave a Reply