সিরাজগঞ্জে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুস্থদের মাঝে চাল বিতরণ

Desk Incharge Juwel Hossain

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জে অসহায় ও দুস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিরাজগঞ্জ পৌর পার্কের সামনে কয়েকশ অসহায় দোকানদারের মাঝে এই খাদ্য সহায়তা (চাল) বিতরণ করা হয়।

শহরের প্রাণকেন্দ্র পৌর পার্ক এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার।

দীর্ঘদিন ধরেই সিরাজগঞ্জের মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হাজী আব্দুস সাত্তার। রমজানের কঠিন সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এক বস্তা করে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নিম্নআয়ের ক্ষুদ্র দোকানদাররা। চাল নিতে আসা এক বৃদ্ধ দোকানদার আবেগপ্লুত হয়ে বলেন, “রমজানে ব্যবসা তেমন হয় না, ঘর চালানো নিয়ে চিন্তায় ছিলাম। এই চাল আমাদের অনেক বড় উপকার করল।”

বিতরণ শেষে হাজী আব্দুস সাত্তার জানান, কোনো প্রচারের জন্য নয়, বরং স্রষ্টার সন্তুষ্টি অর্জনই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এই রমজানে কেউ যেন অনাহারে না থাকে, সেই ক্ষুদ্র প্রচেষ্টাই আমরা করে যাচ্ছি।”

তিনি আরও জানান, আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এই মহতী উদ্যোগের প্রশংসা করে সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply