
অনলাইন ডেস্কঃ ফ্রান্সের প্যারিস-এ ইউনেসকো সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে ভাষার বৈচিত্র্য ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে নতুন বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষাজীবনই তরুণদের জন্য মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার সবচেয়ে উপযুক্ত সময়। বাংলাদেশসহ সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে পরামর্শক্রমে কার্যকর কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি। নিজের মাতৃভাষা আরবিতে বক্তব্য দিয়ে বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক অবদানের প্রশংসা করেন।
এবারের আয়োজনে প্রথমবারের মতো ইউনেসকোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পর্ষদের চেয়ারম্যান এবং মহাপরিচালক একসঙ্গে উপস্থিত ছিলেন। ইউনেস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাধারণ পরিষদের সভাপতি খন্দকার এম তালহা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইউনেসকোর কার্যক্রম বিশ্ববাসীর কাছে তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া জরুরি। নির্বাহী পর্ষদের সভাপতি ও কাতারের রাষ্ট্রদূত নাসের হিনজাবও মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।


