অনলাইন ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ বা এসআইআরের কাজ সম্পন্ন হওয়ার পর গতকাল শনিবার নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাদ গেছে ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। পাশাপাশি তথ্যগত বিভিন্ন ত্রুটির কারণে ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম তালিকায় উঠলেও তাদের নাম শুনানি সাপেক্ষে বিবেচনায় রাখা হয়েছে।
ভোটারদের নাম তালিকাভুক্তি নিয়ে আবারও উত্তাল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এসআইআর (Special Intensive Revision)–এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নাম বাদ পড়ার অভিযোগে আগামী ৬ মার্চ কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশনে বসার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শাসকদল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ওই দিন দুপুর ২টা থেকে অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং মুখ্যমন্ত্রী নিজে তাতে অংশ নেবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে জায়গায় অতীতে অনশন করেছিলেন মুখ্যমন্ত্রী, সেই একই স্থানে এবারও অনশনে বসবেন তিনি। দলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীদের ওই কর্মসূচিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এসআইআর ইস্যু নিয়ে শুরু থেকেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারির শুরুতে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন। শীর্ষ আদালতে দাঁড়িয়ে নিজেই বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ তোলেন। পরে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আবারও আদালতের দ্বারস্থ হন তিনি।
মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপকে বেআইনি বলে দাবি করা হয়।
রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনশন কর্মসূচি তার পুরোনো আন্দোলনের ইমেজকে সামনে এনে নতুন করে জনমত সংগঠনের চেষ্টা। অতীতে বিভিন্ন ইস্যুতে ধর্মতলার মেট্রো চ্যানেলকে আন্দোলনের কেন্দ্রবিন্দু করেছিলেন তিনি। এবারও সেই একই জায়গা বেছে নেওয়া হয়েছে। ধর্মতলার মেট্রো চ্যানেল দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থান। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি রাজনৈতিক তাৎপর্য বহন করে বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এটিকে সাধারণ মানুষের ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে।
এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। তৃণমূল নেতারা দাবি করেছেন, তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে। বিজেপি পাল্টা বলেছে, নির্বাচন কমিশন নিয়ম মেনেই কাজ করেছে।
এদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শাসকদল। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক দুই পথে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র