
অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ ‘হরমুজ প্রণালী’ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে বিশেষ ‘এসকর্ট’ বা পাহারার দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই কৌশলগত জলপথটি বন্ধ করে দেওয়ার এবং চলাচলকারী জাহাজে হামলার হুমকি দেওয়ার পর ওয়াশিংটন এই কঠোর অবস্থান নিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ। ইরানের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেয়। উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরির আশঙ্কা জাগিয়েছে। সূত্র- আল জাজিরা


