আকাশসীমা আংশিক চালু, সীমিত আকারে ফ্লাইট ছাড়ছে এমিরেটস

Chif Editor

অনলাইন ডেস্কঃ  আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে চালু হওয়ার পর সীমিত সূচিতে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস। ফ্লাইট পরিচালনায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এমিরেটস জানায়, ৫ ও ৬ মার্চ দুবাই থেকে ১০০টির বেশি ফ্লাইট ছেড়ে যাবে এবং একই সময়ে সেগুলো আবার দুবাইয়ে ফিরে আসবে। এসব ফ্লাইটে যাত্রী পরিবহনের পাশাপাশি পচনশীল পণ্য, ওষুধ ও অন্যান্য জরুরি কার্গোও বহন করা হবে।

সংস্থাটি আরও জানায়, আকাশসীমার প্রাপ্যতা ও অন্যান্য অপারেশনাল শর্ত অনুকূলে থাকলে ধীরে ধীরে ফ্লাইট সূচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে যাদের বুকিং নিশ্চিত রয়েছে শুধু তাদেরই বিমানবন্দরে আসার অনুরোধ জানিয়েছে এমিরেটস। পাশাপাশি সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের এমিরেটসের ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে নজর রাখতে বলা হয়েছে।

Leave a Reply