অনলাইন ডেস্ক :- রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর-২ এলাকায় যাতায়াতের পথ আরও সহজ করতে নতুন একটি সংযোগ সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ১২০ মিটার দীর্ঘ এই সড়কটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই সড়কটি চালুর ফলে পশ্চিম আগারগাঁও থেকে পীরেরবাগ ও মণিপুর হয়ে মিরপুর-২ নম্বরে যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।
এই সংযোগ সড়কটি ব্যবহার করে মিরপুর ৬০ ফিট সড়ক থেকে যানবাহনগুলো সরাসরি মিরপুর-১০ থেকে ১ নম্বরগামী মূল সড়কে যেতে পারবে। আগে এই এলাকায় যাতায়াতের পথ অত্যন্ত সরু থাকায় নিয়মিত যানজট লেগে থাকত। নতুন সড়কটি মিরপুর ও আগারগাঁওয়ের মধ্যে একটি ‘বাইপাস’ হিসেবে কাজ করবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে মাত্র দুই মাসে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এই সড়কটির কাজ দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে ছিল। ডাক বিভাগ, গণপূর্ত অধিদপ্তর এবং ব্যক্তিমালিকানাধীন জমির জটিলতা কাটিয়ে রেকর্ড সময়ে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকারি সব সেবা প্রদানকারী সংস্থা যদি এভাবে সমন্বিতভাবে কাজ করে, তবে ঢাকা শহরকে পুনরায় বাসযোগ্য করে তোলা সম্ভব।
সড়কটি নির্মাণের জন্য ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ডাক বিভাগের জমি আইন মেনে অধিগ্রহণ করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র