প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার দাবি ইনকিলাব মঞ্চের
অনলাইন ডেস্ক :- শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি চক্র জড়িত থাকার অভিযোগ তুলে এ ঘটনার তদন্ত ও বিচার জাতিসংঘের অধীনে সম্পন্ন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘে চিঠি পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শহীদ ওসমান হাদি হত্যা মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যার পেছনে শক্তিশালী দেশি ও বিদেশি চক্র জড়িত। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দেশের প্রচলিত ব্যবস্থায় সম্ভব নয়। তাই আমরা চাই জাতিসংঘের অধীনে এ হত্যার বিচার হোক।
হত্যা মামলার বাদী হিসেবে তদন্তের কোনো অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করা হচ্ছে না বলে অভিযোগ করেন আবদুল্লাহ আল জাবের। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু ক্ষেত্রে আমার স্বাক্ষর নকল করা হতে পারে। আমাকে যদি তদন্তের বিষয়ে আপডেট না জানানো হয়, তাহলে ভবিষ্যতে আমি আর কোনো কাগজে স্বাক্ষর করব না।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও তার সাক্ষাৎ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে কার মাধ্যমে যোগাযোগ করলে সাক্ষাৎ সম্ভব হবে, সে বিষয়ে দিকনির্দেশনাও চেয়েছেন জাবের।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যার ৫৩ দিন এবং তার শাহাদাতের ৪৭ দিন পার হলেও প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা চলছে। এই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত অপরাধীদের সামনে আনা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির পরিবারকে নয়, চৌদ্দগোষ্ঠীকে কিনে নিলেও হাদি হত্যার বিচার এড়িয়ে যাওয়া যাবে না। যত উপহারই দেওয়া হোক, ইনকিলাব মঞ্চ এক চুলও পিছু হটবে না।
তিনি বলেন, বাংলাদেশে ইনসাফের যাত্রা শুরু করতে হলে অবশ্যই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
এদিকে আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইনকিলাব মঞ্চ দাবি করেছে, সারা দেশে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে ভোট কারচুপির আশঙ্কা রয়েছে বলে সংগঠনটি মনে করছে। এ অবস্থায় শুধু সিসি ক্যামেরা নয়, দায়িত্বরত পুলিশ ও সংশ্লিষ্ট কর্মীদের শরীরে বডি ক্যামেরা ব্যবহারের পরামর্শ দেন সংগঠনটির সদস্যসচিব।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র