
অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৪২টি দল কোনো আসনেই জয় পায়নি। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ফল বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। ইসি ইতোমধ্যে ২৯৭টি আসনের ফল প্রকাশ করেছে। একটি আসনে ভোট স্থগিত ছিল এবং দুটি আসনের প্রার্থীর বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল ঘোষণা করা হবে না।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়ী হয়েছে। এই তিনটি দল ১১ দলীয় জোটের শরিক। এছাড়া ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অনেক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত কোনো আসন অর্জন করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দলকেন্দ্রিক মেরুকরণ, জোটভিত্তিক সমীকরণ এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো কাঙ্ক্ষিত ফল পায়নি।
ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র ৯টি রাজনৈতিক দল ও কয়েকজন স্বতন্ত্র সদস্য। বাকি ৪২ দলের জন্য এবারের নির্বাচন হতাশার অধ্যায় হয়ে থাকলো।
ইসির তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।
কোনো আসনে জয় পায়নি এমন দলগুলোর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ও জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশসহ আরও অনেক দল।



