
অনলাইন ডেস্ক :- দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, নানা প্রত্যাশা, রাজনৈতিক বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্যেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় সক্ষমতার স্বাক্ষর বহন করে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আসাদগেটে নিউ কলোনি জামে মসজিদের আটতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, নানা প্রত্যাশা ও চ্যালেঞ্জের মধ্যেও নির্বাচন সম্পন্ন হওয়া সরকারের জন্য একটি উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য।
প্রসঙ্গত, এ মসজিদ নির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে ১৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, ধর্মসচিব মো. কামাল উদ্দীন ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।


