
অনলাইন ডেস্ক :- আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব প্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটার নির্ধারণ করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ মোতায়েন থাকবে।



