প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, লক্ষ্মীপুরেও নেই: পানিসম্পদমন্ত্রী
অনলাইন ডেস্ক :- সারাদেশে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। লক্ষ্মীপুরেও নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি আরও জানান, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী ও রহমতখালী খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হবে। বিশেষ পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটি গ্রহণ করার কথা জানান তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, লক্ষ্মীপুরের সবচেয়ে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা। এ জলাবদ্ধতা দূর করতে আমরা সবচেয়ে যেটা বেশি প্রায়োরিটি দেব, সেটা হলো আমাদের বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন৷ আমরা যদি এ প্রকল্পটা হাতে নিতে পারি, লক্ষ্মীপুরের জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে মুক্ত হতে সক্ষম হবো। এ কাজটা খুব সহসাই হবে যে তা না, এটার জন্য বিশেষ পরিকল্পনা প্রয়োজন। সে পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। শিগগিরই আমরা সেদিকে নজর দিচ্ছি।
মন্ত্রী বলেন, দেশব্যাপী ১৮০ দিনের খাল খনন প্রকল্পের ম্যাক্সিমাম যেটা করা দরকার, সেটা আমরা করবো। শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে। সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে।
নদী ভাঙনের বিষয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, নদী ভাঙন রোধে ফিজিবিলিটি স্ট্যাডি করার জন্য ডিপার্টমেন্টকে জানিয়েছি। পাশাপাশি লক্ষ্মীপুরের কোথায় কোন জায়গায় নদী ভাঙন, সেটা মেঘনা নদীর পাড়ে আছে, রহমতখালী খালের পাড়ে আছে। প্রত্যেকটা জায়গায় ফিজিবিলিটি স্ট্যাডির মাধ্যমে আমরা সমাধান করার লক্ষ্যে কাজ করার উদ্বেগ নিয়েছি।
লক্ষ্মীপুরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, রেললাইন, বিশ্ববিদ্যালয়- সবকিছু আমরা যেন সুন্দরভাবে ধারাবাহিক প্রকল্পের মধ্যে নিয়ে আসতে পারি। কারণ এটা দীর্ঘমেয়াদি প্রকল্প, দীর্ঘমেয়াদি এ কাজগুলো আমরা যেন সম্পন্ন করতে পারি, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে- যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, লক্ষ্মীপুর আমাদের দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত এলাকা। পাশাপাশি আমাদের সাধারণ মানুষের আমাদের নেতাকর্মীদের অনেক ত্যাগ। এ ত্যাগের বিনিময়ে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। যারা বিগত আন্দোলন সংগ্রামে গুম-খুন, শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের লক্ষ্মীপুরকে নতুনভাবে সাজাতে হবে। সুন্দর লক্ষ্মীপুর যেন আমরা তৈরি করতে পারি। নির্বাচনে যখন গণসংযোগে গিয়েছি, সবার আবদার ছিল রাস্তা, জলাবদ্ধতার সমস্যা সমাধান- অনেকভাবে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কারণে বঞ্চিত ছিল। আমরা যেন নতুন লক্ষ্মীপুর গড়ে তুলতে পারি, নতুনভাবে নির্মাণ করতে পারি, সে দিকে আমাদের বেশি নজর থাকবে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে কেবিনেট মিটিং করেছেন, আইনশৃঙ্খলা যাতে সুন্দরভাবে থাকে, সেদিকে বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং পাশাপাশি এলাকার উন্নয়নে কীভাবে অব্যাহত রাখবো, সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নাই বললেই চলে। চিকিৎসা মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার পেতে আমরা মানুষের পাশে থেকে কীভাবে সহায়তা দেব, সেদিকে বিশেষ নজর রাখছি।
মন্ত্রী হওয়ার পর নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরে এটাই শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রথম সফর। সকালে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে এ্যানি চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টুসহ অনেকে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র