রাস্তার মব বাজারে, দ্রব্যমূল্যে স্বস্তি ফেরাতে কঠোর হতে হবে: ক্যাব

Chif Editor

অনলাইন ডেস্ক :- রমজান শুরুর আগের দিন দেশের অন্যতম বড় পাইকারি খাদ্যপণ্যের বাজার মৌলভীবাজারে বাড়তি দাম নেওয়ার অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক তদারকি কর্মকর্তা জরিমানা করেন। এ জরিমানা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো ব্যবসায়ীদের নিয়ে মব তৈরি করেন বলে অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে পণ্যের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে বলে দাবি করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির মাধ্যমে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ক্যাব আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া। মানববন্ধনের শিরোনাম ছিল—‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদ এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি’।

তিনি বলেন, গত বছর বাজারে উচ্চমূল্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে রোজায় ব্যবহৃত তরমুজ ও লেবুর মতো পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। এবারও রোজার আগে ব্যবসায়ীরা বেআইনি ও অনৈতিকভাবে পণ্যের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু রোজার আগের দিনই তারা পণ্যের দাম বাড়ান এবং বাজার তদারকিতে বাধা সৃষ্টি করে সিন্ডিকেটকে সামনে আনেন।ক্যাব সাধারণ সম্পাদক আরও বলেন, পণ্য ক্রয়ের বৈধ ক্যাশ মেমো সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা সম্ভব। তবে সিন্ডিকেটের মাধ্যমে বাড়তি দামে পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। হুমায়ুন কবীর ক্যাবের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো—
১. জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ;
২. বাজারে তদারকি কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহায়তা নিশ্চিত করা;
৩. ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অস্বচ্ছ লেনদেন ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ;
৪. পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বৈধ ক্যাশ মেমো প্রদর্শন বাধ্যতামূলক করা এবং ব্যত্যয় ঘটলে কঠোর শাস্তি নিশ্চিত করা;
৫. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবসায়ী সংগঠনগুলোর জবাবদিহিতা নিশ্চিত করে ঢাকাসহ সারা দেশে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা।ক্যাবের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ব্রিগেডিয়ার (অব.) সামছ এ খান বলেন, রোজা শুরুর আগের দিন কেজিতে ৫ টাকা বেশি নেওয়ার অভিযোগে বাজার তদারকি কর্মকর্তা জরিমানা করেন। কিন্তু জরিমানা করার পর ব্যবসায়ী সমিতি বাজার বন্ধের হুমকি দেয় এবং পরে দাম আরও বাড়ায়। এর প্রভাব সারা দেশের বাজারে পড়েছে। রোজা এখনো প্রথম সপ্তাহে রয়েছে।

এখনই ব্যবস্থা না নিলে সিন্ডিকেট আরও দাম বাড়াবে। যেকোনো মূল্যে এই অব্যবস্থাপনা রোধ করতে হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মব ও বাজার নিয়ন্ত্রণ সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। নতুন সরকার শপথ নেওয়ার সময়ও এটি অগ্রাধিকারের বিষয় ছিল, এখন তা আরও জরুরি হয়ে উঠেছে। মানুষের খাদ্যের মতো মৌলিক বিষয়ে হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বাড়তি দামে পণ্য বিক্রির বিরুদ্ধে জরিমানা করলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রমে বাধা দেওয়া এবং বাজার বন্ধের হুমকি দেওয়ার ঘটনা প্রমাণ করে বাজার সিন্ডিকেট কতটা শক্তিশালী হয়ে উঠেছে। এরা সরকারের ঊর্ধ্বে থাকা মাফিয়াদের পাইকারি বাজার পর্যায়ের সংস্করণ। জনজীবন বিপর্যস্তকারী এই সিন্ডিকেট যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।

রাস্তার মব এখন বাজারের সিন্ডিকেটে রূপ নিয়েছে। মানুষের জীবনে স্বস্তি ফেরাতে এই মব-সিন্ডিকেট দূর করতে হবে বলে উল্লেখ করেন রুহিন হোসেন প্রিন্স।

Leave a Reply