
অনলাইন ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হতে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
(ক) বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি; (খ) বিনা অনুমতিতে অফিস ত্যাগ, (গ) বিলম্বে অফিসে উপস্থিতি।
কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।



