প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৫:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ২:৪৫ পূর্বাহ্ণ
দেড় বছর পর শুরু হলো ঢাকা-আগরতলা-কলকাতা বাস চলাচল
অনলাইন ডেস্ক :- দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর বাস ডিপো থেকে ‘রয়্যাল মৈত্রী’র একটি বাস পরীক্ষামূলকভাবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে আগরতলার উদ্দেশে রওনা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতা ও ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে গত দেড় বছর ধরে এই রুটে যাত্রী পরিবহন সাময়িকভাবে বন্ধ ছিল। বর্তমানে দ্বিপাক্ষিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরীক্ষামূলকভাবে এই যাত্রা শুরু হয়েছে।
আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিসের মহাব্যবস্থাপক (জিএম) ওয়ারিছ আলম ডিএস জানান, আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলাচল করবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে এই পরিষেবা পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এদিকে, এই বাস সেবা চালু হওয়াকে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্কের নতুন ধাপ হিসেবে দেখছেন ত্রিপুরা সরকারের নীতিনির্ধারকেরা। ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এক বিবৃতিতে জানান, এই পরিষেবার মাধ্যমে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, ভৌগোলিক কারণে ত্রিপুরার বাসিন্দাদের জন্য ঢাকা হয়ে কলকাতায় যাতায়াত অত্যন্ত সাশ্রয়ী ও আরামদায়ক। ট্রেনযোগে গুয়াহাটি হয়ে কলকাতা পৌঁছাতে যেখানে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, সেখানে ঢাকা হয়ে সড়কপথে এই দূরত্ব কমে দাঁড়ায় মাত্র ৫০০ কিলোমিটারে। দীর্ঘ বিরতির পর বাস সার্ভিসটি চালু হওয়ায় দুই দেশের সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র