
অনলাইন ডেস্ক :- নবনিযুক্ত পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ প্রধানকে এই র্যাংক ব্যাজ পরিয়ে দেন সরকারপ্রধান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। র্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং তার পেশাগত সাফল্য কামনা করেন।
জানা যায়, তাকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে একবার চাকরিচ্যুত করা হয়। পরে বিএনপি ক্ষমতায় এলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আলী হোসেন ফকিরের জীবন বৃত্তান্ত
আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আলী হোসেন বাংলাদেশ পুলিশের হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।
তার সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। তার ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং কন্যা বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।



