
অনলাইন ডেস্কঃ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ, পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত গেজেটও প্রকাশ হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং পরিস্থিতির অবনতি হলে তার কারণ চিহ্নিত করে তা দূরীকরণে সুপারিশ প্রদান করবে। পাশাপাশি হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনজীবন ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং সৃষ্ট দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার করণীয় বিষয়ে পরামর্শ দেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে এবং এ সংক্রান্ত ২০ আগস্ট ২০২৪ তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।



