প্রিন্ট এর তারিখঃ মার্চ ১, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
আটকে পড়া যাত্রীদের খোঁজে শাহাজালাল বিমানবন্দরে মন্ত্রী

অনলাইন ডেস্কঃ ইরানে ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা দেওয়ায় বিভিন্ন গন্তব্যে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে কয়েক হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
মন্ত্রী টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং লাগেজ সংগ্রহে যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে তাদের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের আগাম যোগাযোগ ছাড়া সরাসরি বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ইরানে হামলার পর বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত (দুবাই) ও কাতারসহ কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে সংশ্লিষ্ট রুটে বেশ কিছু বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইনসগুলোকে যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম তথ্য জানানো এবং টার্মিনালে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র