
অনলাইন ডেস্ক :- প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের অবস্থান একেবারে পরিষ্কার। সেখানে অবস্থানরত ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের মুখ্য লক্ষ্য।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে কোনো অস্পষ্টতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের নাগরিকদের কল্যাণে সরকার কাজ করছে এবং করবে।
বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করছে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণে যা প্রয়োজন, তা করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সরকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে। পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। এ ধরনের প্রক্রিয়ায় চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন।


