
অনলাইন ডেস্ক :- আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী অভিমুখে নেতা-কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভিন্ন রুটে ‘স্পেশাল ট্রেন’ অথবা অতিরিক্ত বগি বরাদ্দের আবেদন জানিয়েছে বিএনপি। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে কেন্দ্র করে এই বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেলপথমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই আবেদন জানান। চিঠিতে বলা হয়েছে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। তাদের যাতায়াতের সুবিধার্থে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে ব্যবহারের জন্য বিশেষ ট্রেন বা বগি রিজার্ভ করা প্রয়োজন।
বিএনপি মোট ৭টি রুটে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগির জন্য অনুরোধ করেছে:
১। কক্সবাজার-ঢাকা
২। সিলেট-ঢাকা
৩। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা
৪। পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা
৫। কুড়িগ্রাম-রংপুর-ঢাকা
৬। জামালপুর-ময়মনসিংহ-ঢাকা এবং টাঙ্গাইল-ঢাকা
চিঠিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করেই দলটি এই সেবা নিতে ইচ্ছুক। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব জানিয়েছিলেন, ‘সবকিছু ঠিক থাকলে’ ২৫ ডিসেম্বর সকালে তারেক রহমান দেশে ফিরবেন। তিনি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করবেন বলে জানা গেছে।



