তারা এখনও মনে করছে, ৫০০ টাকা দিয়ে ভোট কিনে নেবে: আসিফ মাহমুদ

Chif Editor

অনলাইন ডেস্ক :- ১১ দলীয় জোটের প্রার্থী ও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সিরাজগঞ্জে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আপনারা এখনও মনে করছেন ৫০০/১০০০ টাকা দিয়ে ভোট কিনে নেবেন। তবে জনগণকে বলতে শুনেছি, তারা টাকা ঠিকই নেবেন কিন্তু ভোটটা যেইখানে দেওয়ার সেখানেই দেবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা হয়।

আসিফ বলেন, যারা লুটপাট, ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপী হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের থেকে আপনারা টাকা নেবেন। কিন্তু আপনারা ভোটটা তাকেই দেবেন, যারা আপনার জীবন পরিবর্তন করতে পারবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের প্রায় সকল রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে শুধুমাত্র স্বঘোষিত দিল্লির একটি দল ছাড়া। মাঠপর্যায়ে দেখেছি তাদের নেতাকর্মীরা না ভোটের প্রচারণা করছে। হ্যাঁ ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, এই হবে সেই হবে—নানান মিথ্যা কথা বলে গ্রাম গঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখনও যদি তারা সেটা করে তাহলে আমাদেরও তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে তাদেরকেও বলতে হবে ‘গুপ্ত-গুপ্ত’।

‘যারা এ দেশের অর্থনীতিকে চাঙ্গা করে, তারা এর প্রতিদান পায় না। বিএনপি–আওয়ামী লীগের সমর্থনে নব্য ধনী, মধ্যস্বত্ত্বভোগী ও পূজিবাদিরা প্রতিদান পায়। আমাদের ইশতেহারে ঘোষণা করেছি, জোট বিজয়ী হলে একটি স্মার্ট কার্ডের মাধ্যমে সকল সেবা দেওয়া হবে’, যোগ করেন তিনি।

আসিফ বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে, কিন্তু শরিফ ওসমান হাদি ও ফেলানিরা আগ্রাসনবিরোধী আন্দোলন করে জীবন দিয়েছেন। কিন্তু নির্বাচিত হলে আগ্রাসনবিরোধী সেই শক্তির বিরুদ্ধে কি করবে সে বিষয়ে একটি কথাও বলে না।

Leave a Reply