বিশাল রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি :- “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগান দিয়ে মঞ্চে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করছেন। আজ দেশের মানুষের হারিয়ে যাওয়া সব অধিকার ফিরে পাওয়ার সময় এসেছে। ১২ তারিখ নির্বাচন হবে। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এবারের নির্বাচন দেশকে পুনর্গঠন করার নির্বাচন।
দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে এসে শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ রাজনৈতিক অধিকার পায়নি। যুবকদের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, তা হয়নি। দেশের কৃষক অর্থনৈতিক সহযোগিতা পায়নি। নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করার বদলে স্বৈরাচারী সরকার তাদের বঞ্চিত করেছে। তাই ঘরে গৃহকর্মে নিয়োজিত নারীদের আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডে থাকবে নারীর অধিকার। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেওয়া হবে। বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। মানুষকে ঋণের বোঝা থেকে বাঁচাতে রেজিস্টার্ড এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ সরকারিভাবে মওকুফ করা হবে।
দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তিনি বলেন, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তোলা হবে, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয়। এ অঞ্চলের চিনিকলগুলো আধুনিকায়নসহ বন্ধ থাকা কারখানা চালু করা হবে এবং এ অঞ্চলের যে চা শিল্প রয়েছে, সে শিল্পকে উন্নত করা হবে। এছাড়াও ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট চালুর ব্যবস্থা করা হবে।
তারেক রহমান দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস। তাই জনগণের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। জনগণের সমর্থন ছাড়া আমরা সরকার গঠন করতে চাই না। জনগণই হচ্ছে এই দেশের মালিক। আমরা যত উন্নয়নের কথা বলি, জনগণের সহযোগিতা ছাড়া এ কাজগুলো করা সম্ভব নয়। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, আমরা খাদ্যে স্বাবলম্বী হতে চাই, আমরা মা-বোনদের স্বাবলম্বী করতে চাই। তাই ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগ দিন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে উক্ত সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ঠাকুরগাঁও -২ আসনের প্রার্থী ডাঃ আব্দুস সালাম, ঠাকুরগাঁও -৩ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম, পঞ্চগড় -১ আসনের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির,পঞ্চগড় -২ আসনের প্রার্থী আবুল কালাম আজাদসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সভাটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র