প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে এক জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। দিনাজপুরে উৎপাদিত আম ও লিচুর প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা হবে। খেটে খাওয়া নারীসহ সবার জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।
তিনি বলেন, প্রতি ইমাম-খতিব ও ধর্মীয় গুরুদের মাসিক সম্মানী নিশ্চিত করা হবে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে এবং ক্ষুদ্রঋণের দায়ও সরকারের পক্ষ থেকে পরিশোধ করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করে জমির হিসাব অনুযায়ী সার ও বীজ সরাসরি পৌঁছে দেওয়া হবে।
কৃষকরা যাতে তাদের প্রাপ্য সুবিধা পান, সে লক্ষ্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান। ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সবার কর্মসংস্থানের নিশ্চয়তার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ থাকলেই প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব।ভাষণ শেষে তারেক রহমান দিনাজপুর জেলার চারটি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। তিনি বলেন, দিনাজপুর ধানের জেলা হিসেবে পরিচিত, আর তিনি ধানের জন্যই ভোট চাইছেন। জেলা নানির বাড়ি হিসেবে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, নাতি হিসেবে ধানের শীষে ভোট কামনা করছেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের প্রার্থী আখতারুজ্জামান মিয়াসহ অন্যরা বক্তব্য দেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র