অনলাইন ডেস্ক :- গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’ হিসেবে ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শাসনামলে গুম, হত্যা ও নির্যাতনের যে ভয়ংকর বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে তার অন্যতম প্রত্যক্ষ সাক্ষী তুলি নিজেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ধানের শীষের প্রার্থী তুলি স্বৈরাচারের গুমের রাজনীতির প্রত্যক্ষ শিকার-নিজ পরিবার থেকেই তিনি এই নির্মমতার মূল্য দিয়েছেন। একই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার আজ এ জনসভায় উপস্থিত থেকে সেই ত্যাগের সাক্ষ্য দিচ্ছেন।
কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা বিশ্বাস করি, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। দেশনেত্রী খালেদা জিয়া তার শাসনামলে কৃষিঋণ এবং ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
তরুণ সমাজের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষিত হয়েও আজ দেশের বিপুলসংখ্যক তরুণ বেকার। ঢাকা মহানগরসহ সারা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ভোকেশনাল ট্রেনিং, আইটি প্রশিক্ষণ এবং টেকনিক্যাল ইনস্টিটিউশন গড়ে তুলে ছেলে-মেয়েদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা হবে।
প্রবাসী কর্মীদের বিষয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি প্রবাসী রয়েছেন। বিদেশে যেতে গিয়ে অনেককে পৈতৃক জমি বিক্রি করতে হয়। বিএনপি সরকার গঠন করতে পারলে ট্রেনিংপ্রাপ্ত কর্মীদের বিদেশে যাওয়ার জন্য স্বল্প সুদের সরকারি ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের জমি বিক্রি করতে না হয়। এই সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি জনগণের ভবিষ্যৎ বদলানোর জন্য।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র