প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই দলকে মানুষ সমর্থন করবে না: মির্জা ফখরুল
বাংলাদেশের মানুষ কোনোদিন সেই দলকে সমর্থন করবে না, যে দল স্বাধীনতাকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিয়ামত হতে পারে? তাদের হাতে এরকম দায়িত্ব কীভাবে দিতে পারে?
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পঞ্চগড়-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে এরকম প্রাসঙ্গিক এই নির্বাচন পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে- আপনি কি অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি কি সেই স্বাধীনতা বিরোধীদের পক্ষে যাবেন, নাকি স্বাধীনতার পক্ষে ওদের সামনের দিকে যায় তাদের পক্ষে থাকবেন।
তিনি বলেন, একমাত্র বিএনপি পারে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে। একইসঙ্গে মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশ সামনের দিকে এগিয়ে নিতে পারে। জামায়াতে ইসলামীর সেই অভিজ্ঞতা কোনোদিন ছিল না, এবং ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে না।
আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, আমরা যদি মানুষকে রক্ষা করতে চাই এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এর আগে ফখরুল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন তারা জানেন, একটি দলের রগকাটা অভ্যাস আছে। আমরা জানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আমাদের তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনোমতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।
একইসঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে এবং পঞ্চগড়-২ আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের পক্ষে ভোট চান তিনি।
জনসভায় এসময় পঞ্চগড়-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র