
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রার্থী। এ সময় প্রায় আধা ঘণ্টার মত অবরুদ্ধ ছিলেন এই সংসদ সদস্য প্রার্থী।
জামায়াত প্রার্থী অবরুদ্ধ হওয়ার অভিযোগ করলেও পুলিশ বলছে—‘অবরুদ্ধ’ নয়, কী জন্য গিয়েছিলেন সেটি জানতে ‘চার্জ’ করেছিলেন স্থানীয়রা।
সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে স্বল্প সময়ের একটি লাইভে আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, ‘আমি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে মাগরিবের নামাজ পড়েছি। এখানে আমাদের একজন মুরুব্বির সঙ্গে সাক্ষাৎ করা, একজন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, সাথে এই ইউনিয়নের ১০-১২ জন ওয়ার্ড দায়িত্বশীল এবং এজেন্টদের সঙ্গে আভ্যন্তরীণ একটা মতবিনিময় ছিল। সেটি শেষ করে আমি যখন গাড়িতে উঠছিলাম, তারা আমার গাড়ি আটকেছে। এখন তারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, আমাদের গাড়ি চলতে দিচ্ছে না। স্থানীয় যুবদল ইউনিয়ন সভাপতি ও তার দলীয় লোকজন এই কাজটা করেছে।’



