অনলাইন ডেস্ক :- রাত পোহালেই নতুন সূর্যোদয়ের সঙ্গে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মাঠপর্যায়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে নানাভাবে চলছে প্রার্থীদের প্রচেষ্টা। ভোটার টানার কৌশলে তাই এখনো সক্রিয় প্রার্থীরা। এর ব্যতিক্রম নয় মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসন।
অন্যদিকে পতিত আওয়ামী শাসন ও তাদের দোসরদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে প্রচার চালাচ্ছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তরুণ প্রজন্মের মধ্যে তিনি বেশ জনপ্রিয় বলেও জানিয়েছেন স্থানীয়রা। ভোটারদের দোরগোড়ায় গিয়ে প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি তার সমর্থকদের।
স্থানীয় ভোটারদেরও বক্তব্য, বরিশাল-৩ আসন বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি। অতীতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও তা নিরসন করেছেন তারেক রহমান। এখন সব স্তরের নেতাকর্মী একযোগে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে মাঠে রয়েছে।
জয়ের বিষয়ে আশাবাদী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নদীবেষ্টিত বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়নের স্বার্থে মানুষ এবার চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ আমার জন্য নতুন হলেও আমি এমন সব এলাকায় গিয়েছি, যেখানে আগে কোনো সংসদ সদস্য প্রার্থী যাননি। মানুষ আমাকে জিজ্ঞেস করেছে, নির্বাচনের পরও সেখানে যাব কি না। আমি তাদের সন্তান, তাই পাশে থাকব।
অন্যদিকে কারাগারে থাকা জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মেয়ে হাবিবা কিবরিয়া বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়, এটি একজন বাবার ন্যায়বিচার পাওয়ার জন্য মেয়ের লড়াই। এই যুদ্ধে মুলাদী ও বাবুগঞ্জের সাধারণ মানুষ অংশ নেবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটে তার বাবাকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করবে।
জানা গেছে, ১৯৭৩ সাল থেকে বরিশাল-৩ আসনে একবার ওয়ার্কার্স পার্টি, দুইবার আওয়ামী লীগ, চারবার জাতীয় পার্টি এবং চারবার বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। যদিও বিএনপি ২০১৪ ও পরবর্তী দুই নির্বাচনে অংশ নেয়নি। তাই দলটির আশা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে তাদের আধিপত্য বজায় থাকবে।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৬৩ জন, নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ছয়জন প্রার্থী। তারা হলেন বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এবি পার্টির ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, ইসলামী আন্দোলনের মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আজমুল হাসান জিহাদ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র