প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১০:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ
কুমিল্লার মুরাদনগরে এক জামায়াত নেতার গাড়ি তল্লাশি করে দুই লাখ টাকা পাওয়া গেছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় তাকে আটক করে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেন স্থানীয়রা।
প্রতিবেদনটি লেখার সময় তাকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ওই জামায়াত নেতার নাম মাওলানা হাবিবুর রহমান হেলালী। তিনি ওই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার নেয়ামতকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে চড়ে উপজেলার ধামঘর থেকে নেয়ামতকান্দিতে আসেন হাবিবুর রহমান হেলালী। তিনি দুর্ঘটনায় আহত এক কর্মীকে দেখতে যান। এসময় স্থানীয় একটি মাদরাসার মাঠে গাড়িটি রেখে যান তিনি। এ সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী তার গাড়িটি তল্লাশি করে দুই লাখ টাকা পেয়েছেন বলে দাবি করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, গাড়ির পেছনে একটি বাজারের ব্যাগ। ব্যাগটির ওপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকা নোটের দুইটি বান্ডেল। মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, জামায়াতের লোকজন পুরো উপজেলায় এভাবে টাকা ছড়াচ্ছে। অন্য উপজেলা থেকে এসেও ডিস্টার্ব করছে। স্থানীয় লোকজন সন্দেহ করে হাবিবুর রহমান হেললীকে আটক করে পুলিশে দিয়েছে।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ঘটনাটি পাতানো। ভোটের মাঠে অবস্থা খারাপ দেখে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির লোকজন একজোট হয়ে এ ষড়যন্ত্র করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, ঘটনাটি অনেক বড়। সংক্ষেপে যদি বলি, আমাদের অভিযানকালে তিনি টাকাসহ হাতেনাতে ধরা পড়েননি। তাই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারিনি। ঘটনাটি পুলিশ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেখছেন। এ ব্যাপারে বক্তব্য নিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র