তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

Chif Editor

অনলাইন ডেস্কঃ

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মির্জা আব্বাসের সমর্থিত সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি চলছে। তিনি দাবি করেন, কেন্দ্রে প্রবেশের পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়।

তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

তবে এ অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply