নির্বাচনে আসার সাহস দেখানোই আমার বিজয়: মেঘনা আলম

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম বলেছেন, ‘ভোটে জয়ী হওয়াই বিজয় নয়। যে আসনে নারীরা ভয়ে নির্বাচনে আসেন না, সেখানে আমি সাহস করেছি। এটিই আমার জন্য বড় অর্জন, এটিই আমার বিজয়।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিকেল ৪টায় ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

মেঘনা আলম বলেন, ‘আমি গতকাল (১১ ফেব্রুয়ারি) থানায় গিয়েছিলাম খোঁজখবর নিতে। আমাকে বারবার গানম্যান দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি। যদিও আমি যখনই প্রচারণায় বের হয়েছি, তখন আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু স্থায়ীভাবে কেন গানম্যান দেওয়া হলো না, সেটি জানতে গিয়েছিলাম।
তিনি বলেন, ‘শুরু থেকেই আমাকে জানানো হচ্ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের কারণে বিষয়টি আটকে আছে। তাহলে গতকাল পর্যন্ত আমাকে কেন গানম্যান দেওয়া হলো না? যেহেতু আমি বৈধভাবে একজন এমপি প্রার্থী, সেহেতু আমার যে সম্মান পাওয়ার কথা, সেটি আমার নাগরিক অধিকার। কোনো বিদেশিকে খুশি করতে যদি এটি না দিয়ে থাকে, সেটি দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের নিজেদেরই স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা উচিত। যদি তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে জনগণের কাছে ভুল বার্তা যায়। প্রার্থী হিসেবে যতটুকু প্রচারণা করা যায়, মেঘনা আলম সেখানে ১০ শতাংশের মধ্যে ২ শতাংশও করেনি। কিন্তু অনেকে নানা সীমা লঙ্ঘন করেছেন।’

Leave a Reply