শিরোনাম

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ

Chif Editor

অনলাইন ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্বব্যাপী অভিনন্দন জানানো হচ্ছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয়ী হয়েছে।

এশিয়ার কয়েকটি দেশসহ যুক্তরাষ্ট্র, পাকিস্তান, মালয়েশিয়া, চীন ও মালদ্বীপের শীর্ষ নেতারা নির্বাচনে বিএনপির জয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের প্রতি তিনি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।

মার্কিন দূতাবাস শুক্রবার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিএনপির জয় এবং তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং পারস্পরিক অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে।’  বিএনপিকে বড় জয়ের দিকে নিয়ে যাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে অভিহিত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তাদের এই অভাবনীয় নির্বাচনি বিজয়ে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি প্রকৃত অর্থেই গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের মানুষ নানা চড়াই-উতরাই ও অসাধারণ সব চ্যালেঞ্জ পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।’

এদিকে সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে শুভেচ্ছা জানিয়েছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ শুভেচ্ছাবার্তা দেয় ঢাকাস্থ চীনা দূতাবাস।

অন্যদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বড় জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। একই সাথে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবারনিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একইসাথে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’

Leave a Reply