শিরোনাম

বিএনপির নিরঙ্কুশ বিজয় ‘গণতন্ত্রের বিজয়’: মাহদী আমীন

Chif Editor

অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দলের ‘নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয়’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের আপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতার দল।

মাহদী আমীন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন। আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।

তিনি যোগ করেন, আগামী বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার নিশ্চিত করবে। রাষ্ট্রীয় মালিকানা সুসংহত করা হবে।

মাহদী আমীন বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পথপরিক্রমায় বহু গুম, খুন, হামলা-মামলা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন নেতাকর্মীরা। বহু শহীদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই বিজয় অর্জিত হয়েছে। আমাদের নেতা শহীদদের পরিবারের প্রত্যাশা পূরণ করবেন।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, সমস্যার সমাধান হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র অটুট থাকবে—এটি আমাদের নেতা নিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে বিজয়ী হয়েছে বিএনপি। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনী জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

অন্য দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি এবং খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।

Leave a Reply