প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
পরাজিত হয়েও সাঈদীপুত্রের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্কঃ পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও প্রয়াত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর তার সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ অনুভূতির কথা জানান।
স্ট্যাটাসে তিনি বিজয়ী সব প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনী প্রচারণায় মিছিল, মিটিং, শ্রম, পরামর্শসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই শোধ করার মতো নয় এবং হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সমবেদনা ও খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে সবার উত্তর দিতে না পারায় দুঃখও প্রকাশ করেন তিনি।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শামীম সাঈদী বলেন, তাদের পথচলা থেমে থাকবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে তা আগামী দিনে কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রত্যয়ও ব্যক্ত করেন।
তিনি আরও জানান, অতীতের মতো এখনো তিনি জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
তার এই স্ট্যাটাস প্রকাশের পর সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মন্তব্যের মাধ্যমে তার প্রতি সমর্থন, সাহস ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য, শামীম বিন সাঈদী পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। এ আসনে তিনি ৮ হাজার ২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত হন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র