অনলাইন ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসকে আত্মশুদ্ধি ও সমাজ পুনর্গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।
পোস্টে জামায়াত আমির লেখেন, বছর ঘুরে পবিত্র রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের কুরআন নাজিলের এই পবিত্র মাসটি ইবাদতের সুযোগ করে দিয়েছেন। তিনি মুসলিম উম্মাহকে কুরআনের শিক্ষা ধারণ ও অনুশীলনের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার তাগিদ দেন। একইসঙ্গে একটি বরকতময় সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, রমজানের এই পবিত্রতা যেন মানুষের জীবন থেকে সব গ্লানি, পাপাচার ও সীমালঙ্ঘনের মানসিকতা দূর করে দেয়। ইবাদতের পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সামর্থ্যবানদের অনুরোধ জানান তিনি।
