
স্টাফ রিপোর্টার :- নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি ও আশেপাশের এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক এনসিপি কর্মীকে রোলিং মিলসে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
গত ২১ ফেব্রুয়ারি বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকার এমদাদীয়া রোলিং মিলস এলাকায় এই ঘটনা ঘটে। আহত এনসিপি কর্মী বিপ্লব সরকার (২১) বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। তিনি সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক।
মামলার আসামীরা হলেন ইয়াসিন আরাফাত ওরফে টুন্ডা আরাফাত (৩২), আহাম্মদ হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৫০), রাফি (২৬) ও রাসেল (৩৬)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মামলার অভিযোগে বিপ্লব বলেন, ‘অভিযুক্তরা পঞ্চবটি ও আশেপাশের এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলো। বিষয়টি জানতে পেরে আমরা তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪ টায় আমাকে একা পেয়ে মারধর করে এবং টেনে হিঁচড়ে এমদাদীয়া রোলিং মিলের ভেতর নিয়ে আটকে রাখে। সেখানে আমাকে মিলের গরম চুল্লীর মধ্যে ফেলে দেয়ার হুমকি দেয়।’
তবে ঘটনা অস্বীকার করে ইয়াসিন আরাফাত বলেন, ‘রোলিং মিলে চাঁদাবাজী করতে এসেছিলো বিপ্লব। তাকে আটকে রাখলে এনসিপির নেতাকর্মীরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।’
এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, ‘অভিযুক্ত ইয়াসিন আরাফাত এনসিপির নাম ভাঙ্গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতো। বিষয়টি জানতে পেরে তাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিলো অনেক আগেই। সে ক্ষিপ্ত হয়ে আমাদের এক কর্মীকে রোলিং মিলে আটকে রেখে মারধর করে। এই ঘটনায় বাদী আইনের আশ্রয় নিয়েছে।’
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলছে।’



