
অনলাইন ডেস্ক :- ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও একাধিকবারের সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরের অনামি লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।
এ ঘটনায় আদালতপাড়া ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে জামিন প্রাপ্তির পর ইউনুস কারো সঙ্গে কথা না বলে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে আদালতের সরকারি কৌশলীরা জামিন মঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেন।


